প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি-যাযাদি সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ পুরস্কার ২০২৬ এ ভূষিত হয়েছে এশিয়া তথা বিশ্বের অন্যতম বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি। একই সঙ্গে নারী শিক্ষাবিস্তার, গবেষণা, সাহিত্য ও কবিতায় অনন্য অবদানের জন্য কক্সবাজারের ৫কৃতি ব্যক্তিকে এ পুরস্কারে ভূষিত করেছে কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলাস্থ রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাতামুহুরীর বদরখালী ইউনিয়নে ভার্চু স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগার পাঠকক্ষে এক জাঁকজমপূর্ণ সংবর্ধনায় কৃতী ব্যক্তিবর্গের হাতে নবপ্রবর্তিত এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংবর্ধিতদের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরিয়ে দেন উত্তরীয়।
সমাজসেবা ক্ষেত্রে বদরখালী সমবায় সমিতির পক্ষে রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ ২০২৬ পুরস্কার গ্রহণ করেছেন সমিতির সভাপতি সরওয়ার আলম সিকদার। কক্সবাজার জেলায় নারীশিক্ষাবিস্তারে অনন্য অবদানের জন্য হযরত ফাতিমা (রা.) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কবির হোছাইনকে পুরস্কার প্রদান করা হয়েছে। গবেষণায় পুরস্কৃত হন হাসান মুরাদ ছিদ্দিকী। সাহিত্যে পুরস্কার লাভ করেন তরুণ লেখক আলাউদ্দিন কবির। কবিতায় রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ পুরস্কার পেলেন তরুণ কবি সাইফুল মোস্তফা ও আবদুল মান্নান।
কৃতী সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যে জেষ্ঠ্য ব্যাংকার ও গ্রন্থাগারের দাতা সদস্য জি. এম. মুহাম্মদ গিয়াস কাদের বলেন, মানুষ-সমাজ-দেশের সেবায় নিজ নিজ ক্ষেত্রে স্ব-মহিমায় নেতৃত্বশীল বদরখালী সমিতিসহ অপর পাঁচ ব্যক্তির কৃতীত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদান এবং তাঁদেরকে আরও অনুপ্রাণিত করার লক্ষ্যে আজ সংবর্ধিত ও পুরস্কৃত করা হলো। জাতির প্রতি দায়বদ্ধতা থেকে গুণী মানুষের সম্মান জানানোর যে দায় আমাদের উপর রয়েছে তা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক এবং গ্রন্থাগারের দাতা সদস্য ড. মুহাম্মদ ফরিদুদ্দিন বলেন, আগামীতেও রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ পুরস্কার প্রদানের ধারাবাহিকতা যথাসাধ্য বজায় রাখা হবে ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
পুরস্কৃত হওয়ার প্রতিক্রিয়ায় কবি আবদুল মান্নান বলেন, এর ফলে সমাজ ও মানুষের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য আরও বেড়েছে।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাদের অদুলের সঞ্চালনায় এবং প্রথিতযশা শিক্ষক মাস্টার নুরুন্নবীর সভাপতিত্বে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বদরখালী সমিতির সভাপতি সরওয়ার আলম সিকদার, সহ-সভাপতি আবদুল মজিদ, চট্টগ্রাম কেবি গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মাওলানা জাকরিয়া সিরাজ সেলিম, চট্টগ্রামের সনামধন্য গলুই প্রকাশনীর প্রকাশক কাজী সাইফুল হক, দিগর পানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, আজম নগর মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার নূর আহমদ শিবলী, হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলসাদ আনজুমান রুমা, গ্রন্থাগারের আজীবন ও নির্বাহী সদস্য মো. রেজাউল করিম, উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন বাহাদুর। শুরুতে কুরআন তিলাওয়াত করেন ভার্চু স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মৌলানা মোস্তফা কামাল। অতিথিরা তাঁদের বক্তব্যে সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত শিক্ষক গোলাম শরীফ ও তাঁর মরহুম সহধর্মিণী রত্নগর্ভা আয়েশা বেগমের নানা স্মৃতিচারণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।