প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
ছবি-যাযাদি বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির সরকারি নিবন্ধন (নিবন্ধন নং: S-১৫২৪৫/২০২৬) লাভ উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৭০০ জন সার্ভেয়ার ও আমিন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানা যায়, গত ২৩ নভেম্বর ২০২৪ তারিখে মো. রিমন খান-এর নেতৃত্বে ৩৭০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পর গত ১৬ই আগস্ট ২০২৬ তারিখে সমিতিটি বাংলাদেশ সরকারের অধীনে জাতীয়ভাবে নিবন্ধনের স্বীকৃতি লাভ করে। এই সফলতার ধারাবাহিকতায় ২৩শে আগস্ট সারা দেশের সার্ভেয়ার ও সাংবাদিকদের সমন্বয়ে আজকের এই মহাসম্মেলনের ডাক দেওয়া হয়। জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানে এই মহাসম্মেলন আয়োজনের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয় এবং যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় অডিটোরিয়াম ব্যবহারের বরাদ্দ পাওয়া যায়।
উপস্থাপক সোলায়মান সাহেবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক জনাব আমির আজম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ জনাব আলী আকবর খান। অনুষ্ঠানে বাংলাদেশ সার্ভেয়ার সমিতির সাধারণ সম্পাদক জনাব রায়হান পারভেজ সহ পর্যায়ক্রমে ২০ থেকে ২৫ জন সদস্য এবং সিভিল কোর্ট কমিশনারগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তাদের আলোচনার মূল বিষয় ছিল—কীভাবে সার্ভেয়ার সমিতিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সার্ভে পেশাকে আরও সহজ ও যুগোপযোগী করা যায়।
সম্মেলনের সমাপনী বক্তব্যে বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির সভাপতি মোহাম্মদ রিমন খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে সমিতির কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি গঠন এবং সার্ভে পেশাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করার ওপর বিশেষ জোর দেন। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সার্ভেয়ার ও আমিন পেশার অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির নিজস্ব জমিতে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন এবং এর বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তাবনা পেশ করেন।