প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ১০:১৮ পিএম (প্রিন্ট সংস্করণ)
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (১৮) নামে দুই বাস যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়া গ্রামের আবু বকরের ছেলে ও নিহত আসিফ রংপুর জেলার সদর উপজেলার হরকলি চৌপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শনিবার সকালে সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।