প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম
যাযাদি ছবি রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরে উত্তরা লিবার্টি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের পরিমাণ ৪৭০ দশমিক ৮৬ লিটার। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও জনপথ রোডের আজিজ স্কয়ারের ৯৮ নম্বর বাড়িতে অবস্থিত উত্তরা লিবার্টি ক্লাবের পঞ্চম তলায় অভিযান চালায় র্যাব-১।
গ্রেপ্তার দুজন হলেন—ক্লাবটির সহকারী ম্যানেজার মো. রাসেল (২৮) ও কম্পিউটার অপারেটর মো. নয়ন মিয়া (৩৮)।
র্যাব জানায়, অভিযানে ক্লাবের পঞ্চম তলার একটি কক্ষ থেকে বিদেশি বিয়ারের ক্যান এবং দেশি-বিদেশি মদের বোতলসহ মোট ৭৭৯টি ক্যান ও বোতল জব্দ করা হয়। এসবের মধ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল, যার মোট পরিমাণ ৪৭০ দশমিক ৮৬ লিটার।
অভিযানের সময় ক্লাবের সভাপতি, কয়েকজন কর্মচারীসহ আরও কিছু ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার দুজন ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।