প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ডসম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় সুপর্ণাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ থাকার অভিযোগে সুপর্ণা সুর চৌধুরীর নিজের এবং তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য চেয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি সম্পদ বিবরণীর ফরম গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি। পরে একই বছরের ২৩ ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করে।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচারকাজে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।