খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে হবে

যাযাদি রিপোর্ট

জাতীয়

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম

2026-10-02T20:58:11+06:00
2026-10-02T20:58:11+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
পর্যটনমন্ত্রী
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে হবে
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম  
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যেন শুধু স্কুলে যাওয়া ও ঘরে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে নজর দিতে হবে। তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে, যাতে তারা মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।

তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, হিংসা, বিদ্বেষ, স্বজনপ্রীতি ও দুঃশাসনের স্থান থাকবে না। একই সঙ্গে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদেরও সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের সহযোগিতা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপচেষ্টার মাধ্যমে সরকার পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ব্যাহত করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ‘সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়কে সামনে রেখে দেশের উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, খেলাধুলার আয়োজন সুন্দরভাবে ধারণ ও প্রচারের মাধ্যমে ময়মনসিংহকে দেশবাসীর সামনে তুলে ধরায় সাংবাদিকদের ভূমিকা রয়েছে।

তিনি ময়মনসিংহ বিভাগের সন্তান হিসেবে নিজের গর্বের কথা উল্লেখ করে খেলাধুলার মানোন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের আগ্রহ ও উদ্যোগের প্রশংসা করেন।

ফাইনাল খেলায় ধোবাউড়া দল চ্যাম্পিয়ন এবং নান্দাইল দল রানার্সআপ হয়। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ড. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   পর্যটনমন্ত্রী  খেলা  ফুটবল  মাদক 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত