প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:২৩ পিএম (প্রিন্ট সংস্করণ)
সউদি আরবের বিভিন্ন শহরের জেলে সাড়ে সাত হাজারের মতো বাংলাদেশি বন্দি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতি মন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। প্রতি মন্ত্রী বলেন, ‘সউদি সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দণ্ডে দণ্ডিত ও জেলে থাকা ব্যক্তিদের তালিকা পাঠায়। সেখানে এই দুই জনের নাম আছে নাকি সেটি সরকার খতিয়ে দেখছে।’ প্রতিটি দেশের নিজস্ব আইনি কাঠামো ও বিচার ব্যবস্থা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতি মন্ত্রী বলেন, ‘অন্য দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা বাংলাদেশের উদ্দেশ্য নয়। তবে বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক দণ্ডিত হলে বা তার মৃত্যুদণ্ড কার্যকর হলে সে বিষয়ে বিস্তারিত জানা বাংলাদেশের জন্য জরুরি। প্রবাসীদের সহায়তা করা মিশন ও সরকারের দায়িত্ব। কোথাও মিশনের গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
সরকারি হিসাবে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সউদি আরব। দেশটির কারাগারে বন্দি প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি নাগরিক। এ হিসাবে বিদেশের বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের মধ্যে ৭৪ দশমিক ৫০ শতাংশ সউদি আরবে। অন্যান্য দেশের মধ্যে ইনডিয়ার কারাগারে বন্দি আছে এক হাজার ৫৭৯, তুরস্কে ৫০৮, ওমানে ৪২০, কাতারে ৪২০, গৃসে ৪১৪, ইউনাইটেড আরব এমিরেটসে ৪০৪, দক্ষিণ আফৃকায় ৩৮৫ ও মালয়শিয়ায় ২১৯ জন বাংলাদেশি। তবে বিদেশের মাটিতে কারাবন্দি বাংলাদেশিদের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি বলে মনে করছে এ খাত নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো। তাদের ভাষ্য, বিশ্বের অনেক দেশের কারাগারে বন্দি বাংলাদেশি নাগরিকদের প্রকৃত সংখ্যা সম্পর্কে সরকারের কাছে তথ্য নেই।
ব্র্যাকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আউট পাস নিয়ে দেশে ফিরতে হয়েছে ৫৩ হাজার ২১২ বাংলাদেশিকে। তাদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৫২৫ জন এবং নারী এক হাজার ৬৮৭ জন। চলতি বছর আউট পাস নিয়ে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৩৩ হাজার ৬১১ জন সউদি আরব থেকে এসেছে। এ হিসাবে আউট পাস নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ৬৩.১৬ শতাংশ সউদি আরব থেকে এসেছে।
এ ছাড়া মালয়শিয়া থেকে এসেছে ছয় হাজার ৬৩, ইউনাইটেড আরব এমিরেটস থেকে এক হাজার ৮৪৩, লিবিয়া থেকে এক হাজার ৭৯৩, কুয়েত থেকে এক হাজার ৫৭৬, ওমান থেকে ৮৪০, জর্ডান থেকে ৪৭০, লেবানন থেকে ৩৬২, সিঙ্গাপুর থেকে ৩৬২, আমেরিকা থেকে ২১৬, ইনডিয়া থেকে ১৮১ এবং পাকিস্তান থেকে ১১৩ জন ফিরেছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে ৬৮টি দেশ থেকে আউট পাস নিয়ে বাংলাদেশিদের ফেরত পাঠানোর তথ্য রয়েছে।
২০২৫ সালে ফেরত এসেছে ৭৫ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ২২৬ জন এবং নারী এক হাজার ৮৯১ জন। ২০২৪ সালে ফেরত এসেছে ৮৮ হাজার ৮৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪৯৩ জন এবং নারী তিন হাজার ৩৭৫ জন। ২০২৩ সালে ফেরত এসেছে ৮৬ হাজার ৬২১ জন। তাদের মধ্যে পুরুষ ৮৩ হাজার ৭১৯ জন এবং নারী দুই হাজার ৯০২ জন। সউদি আরবে বাংলাদেশ এমবাসির আইন সহায়তাকারীদের (লিগ্যাল এসিসটান্ট) দায়িত্ব হলো নিয়মিত কারাগার ও আদালতে যাওয়া। বাংলাদেশের নাগরিকদের আইনি সুরক্ষায় সহযোগিতার বিষয়টি নিবিড়ভাবে তদারক করতে হবে। এ ক্ষেত্রে গাফিলতি থাকলে কারাগারে থাকা ব্যক্তিদের সংকট আরো বাড়ে।