প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:২৩ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ৭:২৪ পিএম
ছবি: যাযাদি চট্টগ্রামের পটিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে জামাল উদ্দিন (৫৫) নামের এক ভিক্ষুককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পটিয়া মডেল হাই স্কুল মাঠ এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার মোরল্লা গ্রামের আহেদ আলীর ছেলে। তিনি নিজেকে পেশায় ভিক্ষুক বলে দাবি করেছেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া স্কুল মাঠের পশ্চিম পাশে বসে জামাল উদ্দিনসহ কয়েকজন নিয়মিত গাঁজা সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে পার্শ্ববর্তী ভবনের নারীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা জামাল উদ্দিনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় স্থানীয়রা তাঁকে মারধর করেন বলেও জানা গেছে।
খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় জামাল উদ্দিনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসা) চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব নাছির উদ্দীন বলেন, মাঠের পশ্চিম পাশের জঙ্গলে কয়েকজন প্রায়ই গাঁজা সেবন করতেন। গাঁজা সেবনের পাশাপাশি মাঠের চারপাশে কিশোর গ্যাংয়ের উৎপাতও রয়েছে। এসব বন্ধ করা জরুরি।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।