প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার এথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন — স্টার মেইলএকটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তরুণদের বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে বেরিয়ে মাঠমুখী হতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়।’
জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার এথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে সবচেয়ে বর্তমান সরকারের প্রচেষ্টা এবং ক্রীড়ামোদি প্রধান মন্ত্রী তারেক রহমানের শক্তি ও উৎসাহ জোগানোর কথা তুলে ধরেন। প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণও করেন তিনি।
তিনি বলেন, ‘তিনি (আরাফাত রহমান কোকো) শুধু এক জন ভালো সংগঠকই ছিলেন না, বিশেষ করে কৃকেটের উন্নয়নে তার অনন্য অবদান রয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার পরিবার ক্রীড়ানুরাগী। এথলেটিক্স হচ্ছে ক্রীড়ার জননী। একটি সুস্থ জাতি গঠন এবং তরুণ প্রজন্মকে বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করার একটাই পথ- মাঠে খেলাধুলা করা।’
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরে প্রেসিডেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করতে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আর কত দিন আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব? আমাদের নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে এবং নিজেদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সফল করে তুলতে হবে।’
নারী এথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে স্কুল পর্যায়ে ‘ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন’ দ্রুত চালুর পরামর্শ দেন প্রেসিডেন্ট। পাশাপাশি, বিশ্বমানের এথলেট গড়ে তুলতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও শিল্প-প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়ার দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।
জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার মশাল প্রজ্বালন করেন সাবেক এথলেট মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও সুমিতা রানী। এরপর খেলোয়াড় ও বিচারকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় সুষ্ঠুভাবে অংশগ্রহণের শপথ বাক্য পাঠ করানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এথলেট ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা ওঠে এই প্রতিযোগিতার।
ড. আবদুল মঈন খানকে দেখতে হসপিটালে প্রেসিডেন্ট
প্রসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন। শুক্রবার সকালে তিনি এভারকেয়ার হসপিটালে যান। এ সময় প্রসিডেন্ট মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রসিডেন্টের প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
@