প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ৫:২১ পিএম (প্রিন্ট সংস্করণ)
রাঙামাটির সাজেকে সৃষ্ট পরিস্থিতি সমাধানে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। রবিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার হেডম্যান ও কারবারিদের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন— সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং লংগদু হেডম্যান এসোসিয়েশনের উপদেষ্টা কল্যাণ মিত্র চাকমা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সভা শেষে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা আজকে (রবিবার) রাঙামাটি জেলার হেডম্যান-কারবারিদের নিয়ে আলোচনা করেছি। সাজেকের সৃষ্ট ঘটনা সমাধানে হেডম্যান-কারবারিদের মাধ্যমে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সাজেকে যারা আন্দোলন করছে, সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসবে। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচনার আয়োজন করবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান। তিনি বলেন, ‘সাজেকের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাই। সে কারণে একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এটা সমাধান হবে।’
সাজেকে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি এসোসিয়েশনের ডাকে চতুর্থ দিনের মতো অবরোধ করেছে। রবিবার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নাম্বার এলাকা, হাজাছড়া ও মাচালং ১৪ কিলো এলাকাসহ সড়কের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হয়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘সাজেক সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।’